দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শরিফ কাইগি (৪০) আটক হয়েছে। সোমবার র্যাব-৪, সাভার সিপিসি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্র জানায়, সাভারের আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক শরিফ কাইগি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর এলাকার মৃত মসলেম তাগাদগিরির ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, শরিফ কাইগির বিরুদ্ধে বন্দুকযুদ্ধ, চরের বাথানের গরু-মহিষ লুট, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি, চরের ফসল লুট, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধে অন্তত অর্ধডজন মামলা ও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার এড়াতে সাভার এলাকায় আত্মগোপনে ছিলেন।
এর আগে পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে আরেক সন্ত্রাসী রুবেল গ্রেপ্তার হয়। দুই সন্ত্রাসীর গ্রেপ্তারের ঘটনায় ফিলিপনগর চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

