কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা কারবারি এক যুবকের কামড়ে পুলিশের এক এসআই আহত হয়েছেন। এ সময় ৮ পিচ ইয়াবাসহ ওই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া উপজেলা-র চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৮ পিচ ইয়াবাসহ সুজন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কাঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। এ সময় আটক সুজন হাওলাদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি এসআই রতনের হাতে কামড় দেন। এতে এসআই রতন চন্দ্র হালদার আহত হন। পরে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে আটক করে।
আটক সুজন কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মো. সোবাহান হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিচ ইয়াবাসহ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

