Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার ঘটনায় যুবদল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলা-য় কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার ঘটনায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ফিদাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) মোমিন ইসলাম নামে এক কৃষকের জমিতে দলবল নিয়ে প্রবেশ করে সরিষা কেটে নিয়ে যান ফিদা ও তার চাচাত ভগ্নিপতি মেহেদী মাছুম। এ ঘটনায় সোমবার বিকেলে মোমিন ইসলাম বাদী হয়ে ফিদা, মেহেদী মাছুমসহ ৯ জনের নাম উল্লেখ করে কালাই থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ফিদাকে গ্রেফতার করে।

মামলার অন্যান্য আসামিরা হলেন—মেহেদী মাছুম, জাহিদ হাসান, আব্দুল জলিল, আলিফ হোসেন, আমিনুর ইসলাম, ইমন মিয়া, সৌরভ হোসেন ও ইমন হোসেন। তারা যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মেহেদী মাছুম যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জমির সরিষা কেটে নিয়ে যান। ভুক্তভোগী কৃষক জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সরিষা কেটে নেওয়া হয়। পরে পুলিশ মেহেদী মাছুমের বাড়ির সামনে স্তুপ করে রাখা সরিষা জব্দ করে।

এদিকে ‘কৃষকের জমির সরিষা কেটে নিলেন যুবদল নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে আনোয়ার হোসেন ফিদাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও জানানো হয়।

ভুক্তভোগী কৃষক মোমিন ইসলাম বলেন, “মামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি ন্যায়বিচার চাই।”

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।