দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে একটি অটোরিকশা কল্যানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
আহতরা হলেন—দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার আহসান আলীর ছেলে অটোরিকশা চালক অর্জুন আলী (৩১), বড়গাংদিয়া এলাকার সাঈদ হোসেন (১৭) এবং লাউবাড়িয়া এলাকার মনোয়ারা খাতুন (৪০)।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, “দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

