মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে রাস্তা ঘেঁষে মাছের ঘের তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কাঁঠালতলা বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে কারিমুল ইসলাম (৩৩) এবং একই এলাকার মাওলা বক্সের ছেলে লাল্টু বিশ্বাস (৪৫)।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, তারা কাঁঠালতলা ও পারখাজুরা বাজার সংযোগ পাকা সড়কের পাশে রাস্তার দুই পাশে অবৈধভাবে ঘের খনন করছিল। এই খননের ফলে জনসাধারণের ব্যবহৃত রাস্তা ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের মধ্যে পড়ে।
এসিল্যান্ড মাহির দায়ান জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি কপোতাক্ষ নদের পাশে অবৈধ ঘের নির্মাণ ও খোর্দ্দঘাট সেতুর ক্ষতির দায়ে মোহাম্মদ শুভ নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.