সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাগেরহাটের কৃতি সন্তান আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
আলী হোসেন ফকির ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন।
কর্মজীবনে তিনি ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এপিবিএন, ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া কমান্ড্যান্ট ও অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা এবং ৭ এপিবিএন সিলেটের দায়িত্বে ছিলেন।
আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও সরকারি কাজে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য।
পারিবারিক জীবনে তার স্ত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স বিভাগের প্রধান। তাদের এক ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
২০২২ সালের নভেম্বরে খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকাকালীন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের সময়ে চাকরি পুনর্বহাল এবং পরে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়। আইজিপি হিসেবে তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।
এলাকার বাসী আলী হোসেন ফকিরের আইজিপি হওয়ার খবরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.