স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “লোহাগড়া বাজারে যদি কেউ নিরবে চাঁদাবাজি করে, তাহলে তাকে ধরে বেঁধে রেখে প্রশাসন ও জনপ্রতিনিধিদের খবর দিন।”
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে লোহাগড়া পৌরসভার জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বাজারে আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য জামিউর রহমান টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি, ফরিদুজ্জামান ফরিদ, আসাদুজ্জামান কদর, আলী মিয়া, ইবাদত শিকদার, বাবলু মিয়া, শুবল বিশ্বাস, আকরাম হোসেন, নজরুল ইসলাম, কালু পোদ্দার, ইমরান হোসেন, কাদের মোল্যা ও শাফায়েত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মাওলানা আলমগীর হোসেন, মাওলানা হাদিউজ্জামান, হাফেজ ইমরান হুসাইন, ইমদাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ব্যবসায়ীরা বাজারে নীরব চাঁদাবাজি, রাস্তা ও ফুটপাত দখল, ভ্যানগাড়ি পার্কিং সমস্যা, ইজারার হার বৃদ্ধি, পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং নিরাপত্তা জোরদারের দাবি তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি বলেন, বাজারে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি রাস্তার ওপর থাকা দোকান অন্যত্র স্থানান্তর, বিদ্যুতিক পিলারে পর্যাপ্ত লাইট স্থাপন এবং বাজারকে সুরক্ষিত রাখতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

