দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় পানিতে ডুবে মহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি জিকে খালে পড়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে খালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী শিশুটির বাড়িতে ভিড় করছেন।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

