মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আরজি-জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—গ্রামের আজিমুদ্দিনের ছেলে ইছাহার আলী দেওয়ান (৬০), তার ছেলে আব্দুল খালেক (২৭), স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং আব্দুল মালেকের স্ত্রী সুখী আক্তার (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার আজাহার আলী দেওয়ান (৬৫), আজমেল দেওয়ান (২২), মানিক দেওয়ান (৩৪), রাজু (১৯), সুলতানা বেগম (২৮), শামীমা বেগম (১৯), রুমি আক্তার (২৩) ও রুমানা বেগম (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের বাড়িতে যাওয়ার সরু রাস্তায় অভিযুক্তরা সিঁড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এতে ভ্যানগাড়ি নিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছিল। ভ্যান প্রবেশের সুবিধার্থে সিঁড়ির পাশ দিয়ে মাটি ভরাট করলে সেখানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এ নিয়ে বুধবার সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে আহতদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি মারপিট করে। এতে চারজন গুরুতর আহত হন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

