জয়পুরহাট প্রতিনিধি
কালাই উপজেলায়ের বিভিন্ন এলাকায় সরিষার মাঠ হলদে ফুলে ছেয়ে গেছে। উন্নত জাতের সরিষা চাষ হওয়ায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। গত বছর বাজারে ভালো দাম পাওয়ায় এবারও সরিষা চাষে কৃষকেরা আগ্রহী। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও তাদের মুনাফা বাড়বে বলে মনে করছেন তাঁরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২০২৬ মৌসুমে ৫৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় এক হাজার তিনশত কৃষকের মাঝে উন্নত জাতের সরিষা বারি-১৪ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবছর উপজেলায় সরিষা চাষ হয়েছে ৪৯০ হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫৫ মেট্রিক টন।
আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহাড়া গ্রামের লিটন জানান, “এক বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছি। প্রতি বিঘায় প্রায় ৪-৫ হাজার টাকা খরচ হয়েছে। গাছ ভালো হয়েছে, আশা করছি ফলনও ভালো হবে।” আরেক কৃষক মশিউর বলেন, “দুই বিঘা জমিতে উন্নত জাতের সরিষা চাষ করেছি। এতে ধানের আবাদ ভালো হয় এবং বোরো চাষে খরচ কম লাগে। আশা করছি গত বছরের তুলনায় এবারও ভালো ফলন হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশীদ জানান, কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার মাধ্যমে ফলন নিশ্চিত করা হচ্ছে। বারি-১৪ জাতের সরিষা ৭৫-৮০ দিনের মধ্যে ফলন দেয়। এই জাতের সরিষার লম্বা গাছের পাতা মাটিতে ঝরে জৈব সারের কাজ করে এবং বোরো চাষে সার কম লাগে। এবারের ফলন ভালো হলে সরিষা চাষে কৃষকদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.