Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইজিবাইক চোরচক্রের জাল ভেঙে দিল পুলিশ: ১৮টি ইজিবাইক উদ্ধার, ১২ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলাে সক্রিয় একটি আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৮টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ খণ্ডিত যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, চক্রটি চুরি করা ইজিবাইক ভেঙে অংশবিশেষ আলাদা করে নতুনভাবে জোড়া লাগিয়ে বিক্রি করত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, ডিএসবি-র অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান গফুর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি ইজিবাইক চুরির মামলার সূত্র ধরে চক্রের সন্ধান পাওয়া যায়। মামলার বাদী জাহিদুল ইসলাম। ১৮ ফেব্রুয়ারি তার ইজিবাইক চুরি হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়। তদন্ত কর্মকর্তা এসআই মো. নুর হোসেন সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে চক্রের প্রথম সদস্য আলাল ফকিরকে আটক করেন। জিজ্ঞাসাবাদে আলাল চক্রের অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোজাম্মেল মণ্ডল, মো. ইলিয়াস হোসেন, মো. আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল মীর মালোত, মিলন খান, মো. আশরাফ, শহিদ সিকদার, মো. জুয়েল রানা এবং মো. রনি মিয়া। তারা ফরিদপুর, শরীয়তপুর, মাগুরা ও জামালপুর জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চুরি ও চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত।

পুলিশের ভাষ্যমতে, চক্রটি ইজিবাইক চুরি করে গোপন গ্যারেজে নিয়ে ভেঙে বিভিন্ন অংশ আলাদা করত। এরপর খণ্ডিত অংশ জোড়া লাগিয়ে নতুন ইজিবাইক তৈরি করা হতো। ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে ভুয়া কাগজপত্র তৈরি করত এবং কম দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করত।

অভিযানে মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে—১২টি সচল ও ৬টি অচল। এছাড়া উদ্ধার হয়েছে চ্যাসিস, বডির কাটা অংশ, গ্লাস ফ্রেম, কেবিন, বাম্পার ও খণ্ডিত যন্ত্রাংশ। গ্রেপ্তারদের তথ্য অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী, শরীয়তপুরের নড়িয়া এবং মাগুরার মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা থেকে এসব ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

এসপি মো. নজরুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ইজিবাইক চুরি ও পুনর্নির্মাণ করে বিক্রি করত। সাধারণ মানুষ এতে প্রতারিত হচ্ছিল। চক্রের আরও সদস্য থাকতে পারে, তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।