কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের ভাষা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হেমায়েত মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের ওপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে একই এলাকার ইয়াহিয়া মল্লিক (৩৫)-এর নেতৃত্বে ৪-৫ জনের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে হেমায়েত মল্লিকের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হেমায়েত মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী জানিয়েছে, একই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পূর্বেও একবার হামলার ঘটনা ঘটেছিল, যেখানে রুহুল মল্লিক ওরফে রুহুল ডাক্টার গুরুতর আহত হয়েছিলেন। আজকের ঘটনা সেই পূর্ব বিরোধেরই চরম বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

