বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল–এর Transforming Lives Through Nutrition প্রকল্পের উদ্যোগে এবং CNRS-এর আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. কে. এম. মনিরুল ইসলাম সভাপতিত্বে কর্মশালায় হেলেন কেলার ইন্টারন্যাশনালের বাবুগঞ্জ উপজেলা পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, আইসিটি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মাতৃদুগ্ধ পান করানো নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

