শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স কে কে ব্রিক্সকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর কেবলনগর খান কান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসন শরীয়তপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে আইনটির ৫(২) ধারা ভঙ্গ করায় একই আইনের ১৫(১)(খ) ধারায় ইটভাটাটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ শরীয়তপুর সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান বলেন, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনগত শর্ত পূরণ না করে ইটভাটা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে জেলার বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.