দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় রাস্তা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জনতা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাকা সড়কে দুপুর আনুমানিক ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী ফিরোজ আলম শাওন (৩৫), সিদ্দিকুর রহমান (৫৫), মো. সজল মৃধা (২৬), নুরন্নাহার (৫০) ও মোসা. শাম্মী (২০) দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওত পেতে থাকে। ভুক্তভোগীরা ওই স্থান অতিক্রম করার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত হন নজরুল ইসলাম (২৮), সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০), আবুল হোসেন (৬৫) ও সাইদুর রহমান মুসা (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সাফিয়া বেগমের ডান বাহু, কপাল ও বাম কবজিতে ধারালো অস্ত্রের গভীর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সাফিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে (এফআইআর নং-৭, তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬; জিআর নং-৯)। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা রুজুর পরপরই দুমকি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান দুই আসামি ফিরোজ আলম শাওন ও সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার পর থেকেই পুলিশ তৎপর ছিল। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই মূল দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত সতর্কাবস্থা বজায় রেখেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.