নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় একটি কবরস্থান থেকে প্রায় ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে শীতলী গ্রামের রহমত নামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রায় হাজার বছরের পুরোনো এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মূর্তিটি প্রাথমিকভাবে মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.