রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন ও দক্ষ করে তুলতে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার হুড়কা ইউনিয়নের সীতানাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেয়ার বাংলাদেশের ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। ডিএসকের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার হামিদা আক্তার বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, সাংবাদিক সুজন মজুমদার, ইউপি সদস্য পবিত্র পাড়ে, উপসহকারী কৃষি কর্মকর্তা শতরূপা সজ্জন ও গৌরী অধিকারী, সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার বালা এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন স্টলে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ও জীবিকাভিত্তিক উদ্যোগ প্রদর্শন করা হয়। প্রদর্শিত উপকরণের মধ্যে ছিল খাল খনন ও বৃক্ষরোপণে ব্যবহৃত আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম, লবণ সহিষ্ণু বীজ, উন্নত চুলা, সৌরচালিত সেচ পাম্প ও অ্যারেটর, অ্যাডাপটিভ কিচেন গার্ডেন, জলবায়ু সহনশীল ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট, ভার্মি কম্পোস্ট, জৈব সার, বাঁশ ও বেতের তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গৃহপালিত পশুপালন পদ্ধতি।
এছাড়া একটি বিশেষ স্টলে জলবায়ু ও আবহাওয়া তথ্য পরিষেবা বুথ স্থাপন করা হয়। নিবন্ধনের মাধ্যমে কৃষকদের কাছে ভবিষ্যতে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় মোট ১০টি স্টলের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ও বিকল্প জীবিকাভিত্তিক নানা উদ্যোগ তুলে ধরা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির প্রতি আগ্রহী করে তুলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.