স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার বড়কুলো গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজনকে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যাসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০–৪৫ জনকে আসামি করা হয়েছে।
নিহতরা হলেন খলিল শেখ, তাহাজ্জত শেখ ও প্রতিবেশী ফেরদৌস রহমান। নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় অপর পক্ষের নিহত ওসিবুর রহমান ফকিরের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৩ ফেব্রুয়ারি সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
সংঘর্ষে উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তাহাজ্জত শেখ ও ফেরদৌস রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। অন্যদিকে খায়রুজ্জামান খায়ের মোল্যার সমর্থক ওসিবুর রহমান ফকিরও নিহত হন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজন নিহতের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, অপর পক্ষের নিহত ওসিবুর রহমান ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.