কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের সন্ধানে বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
অভিযানে আটক চারজন হলেন— মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সোহেলকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. ইউসুফকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া রবিউল ইসলামকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাইম শাহাজীকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি চৌকস দল সহযোগিতা করে। স্থানীয় এলাকাবাসীও প্রশাসনকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.