খুলনা প্রতিনিধি
খুলনা নগরীতে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাাধীন আফিলগেট এলাকার একটি পেট্রলপাম্পসংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শেখ সোহেল খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে যান। এসময় বেলা ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে চার থেকে পাঁচটি গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।
একপর্যায়ে হামলাকারীদের একজন সোহেলের মাথা লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, “দুজন যুবক তাকে গুলি করে হত্যা করেছে। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

