ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে একটি পরিত্যক্ত বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলার সাথীদের সঙ্গে বাড়ির বাইরে যায় তাবাসসুম। এরপর রাত পর্যন্ত সে বাড়িতে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতভর মাইকিং ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার সকালে বারবাজার এলাকার একটি পরিত্যক্ত বাগানে বস্তাবন্দি একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে সেটি নিখোঁজ তাবাসসুমের মরদেহ বলে শনাক্ত করেন। তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছি। তার হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

