জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার নতুন ৩টি কমিউনিটির জন্য ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিদ্যমান পরিকল্পনাগুলোর পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শ্রীউলা ইউনিয়নে এ কর্মশালা আয়োজন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু। কর্মশালার সঞ্চালনা করেন ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রজেক্ট অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম।
কর্মশালায় প্রায় ৩৫ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ইউপি সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউডিএমসি শিক্ষক প্রতিনিধি এবং বিল বকচর, বিল থানাঘাটা ও রাধারআটি গ্রামের প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন।
প্রধান অতিথি প্রভাষক দীপংকর বাছার দীপু বলেন, “ইএসডিও কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমসমূহ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন উদ্যোগ সম্প্রসারণের আহ্বান করছি।”
কর্মশালায় উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রতিনিধি এস.এম মনোয়ার হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর-হিউম্যানিটারিয়ান, ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রদীপ মহন্ত ও মোঃ জাহিদুল ইসলাম।
এর আগে, বুধবার প্রতাপ নগর ইউনিয়নে একই বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্প ম্যানেজার জানিয়েছেন, চলতি বছর প্রকল্পের সহায়তায় গ্রামসমূহের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির জন্য মোট ৭টি রাস্তা সংস্কার, ২০টি টয়লেট, ২০টি বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ২৫০টি অতি দরিদ্র পরিবারকে আয় ও জীবনযাত্রা উন্নয়নে সহায়তা, সাইক্লোন শেল্টারের ওয়াশ সুবিধা সংস্কার, বাজার ওয়াশ সুবিধা সংস্কার এবং অচল পানির প্লান্ট মেরামতসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

