বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কোনো দুর্নীতিবাজের জন্য স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, “চাকরি করতে হলে জনগণকে শতভাগ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবুল হোসেন খান আরও বলেন, “আগামীর বাকেরগঞ্জ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলা। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সকল দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভাটি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.