অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটনকেন্দ্র কুয়াকাটা-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আরও তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে পৌর শহরের বেড়িবাঁধের বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ২টি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, ১টি মুদি-মনোহরী দোকান, ১টি ঝিনুকের দোকান, ১টি জেনারেটরের দোকান এবং ১টি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস-এর ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.