কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের অধীনস্থ মোছের খালী খাল এলাকায় অভিযান চালিয়ে বিষের বোতলসহ এক জেলেকে আটক করেছে বন বিভাগ।
আটক ব্যক্তি হলেন কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের ইমান আলী গাজীর পুত্র আনারুল গাজী।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালিত হয়। টহল চলাকালে মোছের খালী খাল এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানকালে আনারুল গাজীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ‘কট ১০ ইসি’ বিষের বোতল জব্দ করা হয়।
পাশাপাশি অভিযানে একটি নৌকা, একটি ভেশালি জাল, একটি খাল পাটা জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলী বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। মোছের খালী খাল এলাকা থেকে বিষের বোতলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতগুলো সংরক্ষণ করা হয়েছে এবং বন আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড বনজ সম্পদ ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। তাই বনাঞ্চলে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

