রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল শপথ গ্রহণের পরপরই জনগণের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে মাঠে নেমেছেন। বুধবার তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
পরিদর্শনকালে এমপি রোগীদের শয্যার পাশে গিয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ, পরীক্ষার সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনবল সংকট, চিকিৎসক ও নার্সের শূন্যপদ, প্রয়োজনীয় যন্ত্রপাতি অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এমপিকে হাসপাতালের সার্বিক পরিস্থিতি অবহিত করেন এবং জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও সেবার মানোন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
এসময় আজিজুল বারী হেলাল বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে মানসম্মত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেরখাদার মানুষ যেন নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা পান, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি হাসপাতালের সীমাবদ্ধতা দূর করে রোগীদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করারও আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এমপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের প্রত্যাশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.