নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঐতিহাসিক বজরা শাহী মসজিদ-এ দানবাক্স খোলার সময় ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার জুমার নামাজের পর দানবাক্স খোলার সময় কয়েকজন সাংবাদিক ফুটেজ ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকারদের মধ্যে রয়েছেন গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, চ্যানেল ২৪ নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, দৈনিক কালবেলা প্রতিনিধি শাহরিয়ার অরুপ এবং নোয়াখালী টিভি প্রতিনিধি মোহাম্মদ ফারুক।
গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান বলেন, “আমরা কেবল দানবাক্স খোলার প্রক্রিয়াটি ধারণ করতে চেয়েছিলাম, যাতে জনগণের সামনে স্বচ্ছতা থাকে। হঠাৎ করেই কয়েকজন আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে।” তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই মসজিদের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তাদের ভাষ্য, “মসজিদের টাকা আল্লাহর আমানত। এখানে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হবেই। সাংবাদিকদের মারধর করা ঠিক হয়নি।” হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অনুমতি ছাড়া স্পর্শকাতর বিষয়ে ফুটেজ নেওয়া ঠিক নয়। সাংবাদিকদের মারধরের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.