মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে একটি প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন আহত হন, যার মধ্যে দুইজন নারী।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

