মো.শাহ আলম, টাঙ্গাইল
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক সংসদ সদস্য ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাসাইল-সখীপুর (টাঙ্গাইল-৮) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ফিনিক্স মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় জোয়াহেরুল ইসলামকে এক সপ্তাহ আগে ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরও জানান, বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইলের বাসাইল-সখীপুর (টাঙ্গাইল-৮) আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলা রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখেন।

