জয়পুরহাট প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, জয়পুরহাটকে একটি বাসযোগ্য ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়নসহ প্রতিটি গ্রামকে বাসযোগ্য করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ টাস্কফোর্স ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তারেক রহমান দেশ গঠনে বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। মাদকমুক্ত, জুয়ামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।
জয়পুরহাটের কৃষি প্রসঙ্গ টেনে আব্দুল বারী বলেন, জেলার প্রধান অর্থকরী ফসল আলু। বর্তমানে আলুর দাম কিছুটা কম থাকায় কৃষকরা চাপে রয়েছেন। আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এবং সংরক্ষণ সুবিধা বাড়ানোর মাধ্যমে চাষিদের সহায়তা দেওয়ার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জয়পুরহাটবাসী এর সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফজলুর রহমান সাঈদ, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

