রাজবাড়ী প্রতিনিধি
“আমরা সবাই মিলে এই দেশটাকে একটি কল্যাণকর ও চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার চার দিনের সরকারি সফরে নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সাংস্কৃতিক অঙ্গনে নতুন গতির সঞ্চার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদারের বার্তা নিয়ে তিনি এ সফরে এসেছেন।
শনিবার দুপুর ১২টায় সড়কপথে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশটাকে একটি কল্যাণকর এবং চমৎকার রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে গড়ে তুলবো। রাজবাড়ীসহ সারা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে আমরা বদ্ধপরিকর।”
সফরের শুরুতেই তিনি শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে যান। সেখানে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সরকারি সূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী আগামী ৩ মার্চ পর্যন্ত রাজবাড়ীতে অবস্থান করবেন। এ সময় তিনি জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। তাঁর এ সফরকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.