নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম কষ্টে জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি আয়েশা বেগমের জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দিয়েছেন এবং নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেছেন।
জানা যায়, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন আয়েশা বেগম। উপার্জনক্ষম কেউ না থাকায় অনেক সময় না খেয়েই দিন কাটাতে হয়েছে তাদের। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার অসহায় জীবনের খবর প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাছির উদ্দীন নাছির আয়েশা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি শিগগিরই একটি নিরাপদ ঘর নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরে তার পক্ষ থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আয়েশা বেগমের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
নাছির উদ্দীন নাছির বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আয়েশা বেগমের পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ঈদের আগেই ঘর নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ বাবুল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা. বোরহান, ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়েশা বেগম সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞ। দীর্ঘদিন সন্তানদের নিয়ে কষ্টে ছিলেন, এখন সহায়তা পেয়ে নতুন করে আশার আলো দেখছেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.