পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মো. শাহ আলম-কে আটক করেছে রমনা থানা-পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, তার বাবা একটি ইফতার মাহফিলে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে চিনতে পেরে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে জনতার পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে থানায় নিয়ে যায়। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বাবাকে আটক করা হয়েছে।
রমনা থানা সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, তিনি শুনেছেন যে জনতা শাহ আলমকে আটক করে রমনা থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে তার নামে থানায় কোনো মামলা নেই বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ঢাকায় তার মেয়ের বাসায় অবস্থান করছিলেন।
উল্লেখ্য, শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.