সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় মাহবুবুর রহমান ওরফে মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাহবুবুর রহমান উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক এবং কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বলে জানা গেছে।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কাজিপুর থানা পুলিশ ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের বাড়ির পেছনে তল্লাশি চালিয়ে প্রায় ১০-১২ ফুট উচ্চতার ও আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন।
অভিযানে কাজিপুর থানা পুলিশ ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ইন্সপেক্টর নিজাম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.