মনিরামপুর(যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার পর তার মরদেহ মাছের ঘেরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘের পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা আরিফের মাথায় উপর্যুপরি কুপিয়ে এবং ডান হাতের কব্জি কেটে শ্বাসরোধ করে হত্যা করে আনোয়ার ফকিরের ঘেরে মরদেহ ফেলে যায়।
সোমবার সকালে মাছ ধরতে আসা স্থানীয় লোকজন ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে নেহালপুর পুলিশ ক্যাম্প ও নিহতের পরিবারকে খবর দেয়। পরে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পিতা আতিয়ার রহমান জানান, রোববার রাত ১০টার দিকে বাড়িতে ছেলের সঙ্গে তার শেষ দেখা হয়। এরপর সকালে তিনি ছেলের মরদেহ উদ্ধারের খবর পান।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি দিয়াশলাই ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা ধারণা করছেন, এলাকায় উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিছু কিশোর-যুবকের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। পূর্বের কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। অপরদিকে, একটি সূত্র জানায়, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিল। মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেও হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

