শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় প্রেসক্লাব সভাপতি সামিউল ইমাম আযম মনির গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আযম মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানের অভিযোগ তোলা হয়।
একপর্যায়ে মানববন্ধন চলাকালে হঠাৎ করে ২৫-৩০ জন বহিরাগত মিছিলকারী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এ সময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতির ওপর অতর্কিত হামলা চালান। উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনা ঘটে।
আহত সামিউল ইমাম আযম মনিরকে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির জানান, তার মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি জেনেই থানায় অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.