এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় দলীয় প্রভাব ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে রায়হান কবির সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় এ জরিমানার ক্ষেত্রে তাকে ১৪ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান।
ঘটনাটি ঘটেছে রবিবার (০২ মার্চ) দুপুরে তালার শিরাশুনী গ্রামের পাতিলার বিলে। প্রাপ্ত তথ্যে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে বালু উত্তোলন মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান অভিযান চালিয়ে তাকে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করেন এবং অফিসে নিয়ে যান।
আটক ব্যক্তিকে ছাড়ানোর জন্য শিরাশুনী গ্রামের এক সেনা কর্মকর্তা হস্তক্ষেপের চেষ্টা করলেও সফল হননি। সূত্রে জানা যায়, ওই সেনা কর্মকর্তা সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ১৪ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সবুজ নগদ টাকা প্রদান করে শেষমেশ জরিমানার মুখ থেকে রক্ষা পায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

