মো. জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নড়াইলের বড়দিয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন ৯৪ নড়াইল-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। সোমবার (২ মার্চ) বিকেলে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
কোটাকোল ইউনিয়নের অবহেলিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুফতি ফয়জুল্লাহর সঞ্চালনায় এবং বড়দিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি আতাউর রহমান বাচ্চু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ড প্রতিনিধি হাফেজ আ. আজিজ সরদার, খাশিয়াল ইউনিয়ন শাখার চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউল্লাহ সরদার, বড়দিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, কোটাকোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি নাছরুল্লাহ, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা মো. আবু তালেব মেল্যা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান এবং বড়দিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বিএম কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বড়দিয়া পারের অবহেলিত তিনটি ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা অবকাঠামো ও মাদক সমস্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা পেলে এলাকার সব সমস্যার সমাধান সম্ভব। তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ কামনা করেন।
সংবর্ধনা শেষে তিনি বড়দিয়া হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরে কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে এলাকার সার্বিক খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.