সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সিরাজদিখান উপজেলা প্রশাসন। এ ধারাবাহিকতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটায় মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে অবস্থিত মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকো সিরামিক্স লিমিটেড ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন। এ সময় সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের জন্য কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বনি আমিন, লালন ও ইমতিয়াজ মামুনকে যথাক্রমে ২ লাখ, ২ লাখ ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ৯ লাখ টাকা।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.