শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পেশাজীবী সংগঠন প্রেসক্লাব ভবনে প্রকাশ্যে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে সংঘটিত এ হামলা পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও যথাসময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় শ্যামনগর থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাদের অভিযোগ, পূর্বে অবহিত করা সত্ত্বেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় হামলাকারীরা নির্বিঘ্নে প্রেসক্লাব কার্যালয়ে প্রবেশ করতে সক্ষম হয়। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানানো হয়।
উল্লেখ্য, সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। একপর্যায়ে যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি মনিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

