নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের ভাওয়াল রাজবাগান এলাকায় এক যুবককে বন্ধুর পরিচয়ে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমান তালুকদার সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর কলাপট্টি এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন আতিকুর রহমান। তখন তার পূর্বপরিচিত মারুফ হাসান তাকে কৌশলে একটি অটোরিকশায় তুলে হাড়িনাল নোয়াগাঁও এলাকার ভাওয়াল রাজবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করছিল আরও তিনজন যুবক।
পুলিশ ও এজাহারের বরাত দিয়ে বলা হয়, সেখানে পৌঁছামাত্র মারুফ একটি ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখায়। পরে চারজন মিলে আতিকুরের হাত-পা ও মুখ বেঁধে মারধর শুরু করে। তার কাছ থেকে নগদ ১ হাজার ৪৫০ টাকা নেওয়া হয়। এরপর তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা পুলিশকে জানালে সদর মেট্রো থানার টহল দল রাত ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং আতিকুরকে উদ্ধার করে। এক অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক আসামিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি সুইস গিয়ার ছুরি ও হাত-পা বাঁধার রশি জব্দ করা হয়েছে। আহত আতিকুরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.