তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা এবং পাটকেলঘাটায় মব সৃষ্টি করে দুই সাংবাদিককে নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) তালা উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন ইউনিটের সম্মিলিত অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তালা প্রেসক্লাব-এর সভাপতি এম এ হাকিম-এর সভাপতিত্বে এবং সাংবাদিক আকবর হোসেন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ারদার, সহ-সভাপতি এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাব-এর সভাপতি আব্দুল মমিন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাব-এর সদস্য সানজিদুল হক ইমন ও নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির-সহ পাটকেলঘাটার দুই সাংবাদিকের ওপর মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা, নির্যাতন এবং মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি দৈনিক সমকাল-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির “যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহল লুট” শীর্ষক সংবাদ প্রকাশের পর হামলার শিকার হন। এছাড়া পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে সরকারি সম্পত্তি হস্তান্তরের তথ্য সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককে মারধর করে আহত করা হয় এবং পরে মিথ্যা মামলায় জড়ানো হয় বলে অভিযোগ তোলা হয়।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান-এর সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

