জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) এবং তার ভাতিজা মৃত উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার সময় কাজল মিয়া ও আকাশ মিয়ার বাইক মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যায়। স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ দুই বাইকসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
মিয়ারপাড়া এলাকার নৈশ্য প্রহরী নুর ইসলাম বলেন, “হঠাৎ একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছে, অন্যজনের অবস্থা ভালো নয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.