Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামানোর সিদ্ধান্ত

যশোর প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, রাত ৮টার পর দোকানের সাইনবোর্ডের আলো বন্ধ রাখা এবং কিছু নির্দিষ্ট দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যশোর চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ সাশ্রয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বিদ্যুতের অপচয় কমাতে হবে। অপ্রয়োজনীয় বাতি, পাখা, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার বন্ধ রাখতে হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ব্যবসায়ীদের খরচও কমবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি দোকানে অন্তত ৫০ শতাংশ লাইট ও এসি বন্ধ রাখা হবে। ভবন ও মার্কেটে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করা হবে। রাত ৮টার পর দোকানের সাইনবোর্ডের লাইট বন্ধ রাখা হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হবে। একই সঙ্গে মোটর পার্টস, টাইলস ও ইলেক্ট্রিক দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।