যশোর প্রতিনিধি
যশোর শহরের মসজিদ লেন এলাকার একটি আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে।
হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যায়ও তিনি কক্ষে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার তার চেকআউটের সময় হলে দরজায় কয়েকবার ধাক্কা দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় তিনি পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মরদেহ উদ্ধার করে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দরজা খোলার চেষ্টা করা হয়। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখা যায়, বিছানার ওপর হারুন অর রশিদ নিথর অবস্থায় পড়ে আছেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তাকে মৃত বলে ধারণা করা হয়।
তিনি আরও জানান, তার পাশে থাকা মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ ছিল। মোবাইলটি চালু করার পরপরই একটি কল আসে। কলটি রিসিভ করলে নিজেকে আসাদুজ্জামান পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, তিনি নিহতের জামাতা। পরে তাকে শ্বশুরের মৃত্যুর বিষয়টি জানানো হলে তিনি মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।
পুলিশ জানায়, জামাতা আসাদুজ্জামানের দেওয়া তথ্যমতে হারুন অর রশিদ ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন এবং প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসা করতেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.