খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর যুবলীগের নেতা শওকত হোসেনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজিসহ তাঁর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকার একটি ভাড়া বাসা থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে খুলনায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনার শেখবাড়ির খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন শওকত হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি আরও জানান, শওকত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুসহ মোট পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারের পর রাতেই তাকে খুলনায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর পর থেকে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন যুবলীগ নেতা শওকত হোসেন। গোয়েন্দা পুলিশের অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.