কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় মশা তাড়ানো কয়েল থেকে ভয়াবহ আগুনে এক বিধবা নারীর বসতঘরসহ গবাদিপশু পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার (৭ মার্চ) গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ বিধবা ছাবিনা বেগম।
স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর বিধবা নারী ওই এলাকায় বাবার বাড়িতে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে আগুনে পুড়ে বিধবার বসতঘরসহ পাঁচটি গরু মারা যায়। এরমধ্যে ছোট একটি বাছুর গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকাণ্ডস্থলে ঢুকতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে বিধবা ছাবিনা বেগমের পরিবার। স্থানীয় মানুষজন ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.