শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বিভিন্ন মুখরোচক খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘ডলি ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার বারদুয়ারী এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা, নিমকি ও মনেক্কা তৈরি ও সংরক্ষণ করছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সেমাই উৎপাদন করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, পোড়া তেল দিয়ে ডালডা গলিয়ে তা পুনরায় সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা সামগ্রীর কোনো ব্যবস্থা ছিল না।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে কারখানার পরিবেশ ও অবকাঠামো উন্নত করে সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.