যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল (লুব্রিকেন্ট অয়েল) বোতলজাত ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়।
রোববার (৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত মান্দারতলা বাজারে পরিচালিত তদারকি অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে দেখা যায়, মেসার্স এস এম লুব নামের প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের মবিল বোতলজাত ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ এবং ২০ডব্লিউ-৫০ ম্যানুয়ালি বোতলজাত করলেও, পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধা ছিল না।
উল্লেখ্য, এই অপরাধের জন্য ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট এক লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তারা, ক্যাব যশোরের সদস্য এবং র্যাব-৬ এর একটি দল।

