Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশনসহ ৩ ব্যবসায়ীর জরিমানা

যশোর প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনসহ তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (০৮ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ সলুয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার করে। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারে অবৈধভাবে তেল মজুত করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার গুদাম থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে অপর এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিকেল ৪টার দিকে চৌগাছা শহরের ‘চৌগাছা ফিলিং স্টেশন’-এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের তেলের মান নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এবং বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, জব্দ করা তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। এই তেল ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে মেট্রোলজির পরিদর্শক সাব্বির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।